

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি কেটে উপজেলার পাম্পমোড় এলাকায় ১ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়।
জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্রর নাথের জালে ৯০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। তার নিকট থেকে মাছটি ১ লক্ষ ১০ হাজার টাকায় কিনে নেন থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া। পরে ওই দিন বিকেলে উপজেলার পাম্পমোড় এলাকায় সাজু মিয়া মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকায় খুচরা বিক্রি করেন। এসময় মাছটি দেখতে পাম্পমোড় এলাকায় ক্রেতা এবং উৎসুক জনতা ভীড় জমায়।
মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে পানি কমে যাওয়ায় জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড়, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। বাজারে এ মাছের চাহিদাও প্রচুর। বিভিন্ন এলাকা থেকে মাছ কিনে এনে বাজারে কেটে খুচরা বিক্রি করার কথা জানান তিনি। এছাড়াও বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও রাজনীতিবিদরা তার নিকট থেকে এসব মাছ কিনে নেয় বলে জানা গেছে। ব্রহ্মপুত্র নদের বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন ওজনের মাছ কেউ চাইলে তাকে পৌছে দেয়ার কথাও বলেন তিনি।
উপজেলার মৎস্য অফিসার (অ.দা.) মো.এমদাদুল হক জানান, বর্তমান সময়ে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নানা প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এরকম মাছ ধরা পড়লে জেলে ও ব্যবসায়ী উভয়ই খুশি হয়। মৎস্য বিভাগের পক্ষ থেকে এই এলাকায় এ ধরনের মাছ যেন নদীতে বংশ বিস্তার করতে পারে সে বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।

