ঢাকা
প্রকাশিত : October 16, 2026
আপডেট: October 16, 2026
প্রকাশিত : October 16, 2026

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালকের মৃত্যু, আহত ২

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর গাড়ির চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজশাহীর তালাইমারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. শাহজালালী (৫০)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম এস এম রিজন। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ‘বেঙ্গল সিগনেচার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়ি নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন রিজন। এ সময় গাড়িটি এক নারী পথচারীকে ধাক্কা দিলে তিনি সড়কের এক পাশে ছিটকে পড়েন। পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুই রিকশাচালককে চাপা দেন তিনি। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান বলেন, ‘আমাদের এখানে মোট তিনজন চিকিৎসা নিতে আসেন। তাঁদের একজন মারা গেছেন। বাকি দুজনের চিকিৎসা চলছে। তাঁরা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।’

ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িসহ রিজনকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গাড়িসহ থানায় নিয়ে যায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ‘ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁকে গাড়িসহ থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রিজনের বিরুদ্ধে মামলা হয়েছে কি না, জানতে চাইলে গাজিউর রহমান বলেন, ‘এখনো কোনো মামলা হয়নি। প্রথমে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram