

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়া প্রেমিকের ভাড়া বাসা থেকে প্রেমিকার স্বামী নাদিম আকন্দ (৩৬) এর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। এর আগে ১৪ অক্টোবর থেকে ভিকটিম নাদিম আকন্দ নিখোঁজ ছিলেন বলে পুলিশ জানায়।
নাদিম আকন্দ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার উত্তর জাঙ্গালিয়া এলাকার জসিমউদ্দিনের পুত্র এবং দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ডাইং মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী খাদিজাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, ১৬ অক্টোবর সকাল অনুমান সাড়ে ৮ টায় দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের ভাড়া দেওয়া টিনের ঘরের ভিতরে বস্তাবন্দী লাশ পাওয়া যায়। ঘরের ভিতর থেকে গন্ধ বের হলে বাতেনের ছেলে উক্ত বিষয়ে থানা পুলিশকে অবহিত করে।
প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিমের স্ত্রী খাদিজার সঙ্গে নড়াইল জেলার জনৈক হাকিম মোল্লার দীর্ঘদিন যাবত অবৈধ সম্পর্ক চলে আসছে। ভিকটিমের স্ত্রী খাদিজার সাথে পরকীয়া প্রেমিক হাকিমের অবৈধ সম্পর্কের জের হিসেবে উক্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। প্রতিবেশীরা জানান, হাকিমকে খাদিজার স্বামী পরিচয় দিয়ে এ বাসায় বসবাস করে আসছেন। এক সপ্তাহ যাবৎ তাদেরকে আর দেখা যাচ্ছে না।
সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ সরকারি ভিক্টোরিয়া হাসপাতাল নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসনে জানান, এ বিষয়ে ভিকটিমের স্ত্রী খাদিজাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরকীয়া প্রেমিক হাকিম মোল্লা পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হচ্ছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

