

মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন বসবাস করা অসহায় গোলাপি বেগমের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয়।
‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে নির্মিত বাড়িটি গোলাপি বেগমের স্থায়ী পুনর্বাসনের অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে বাড়ির চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় গোলাপি বেগমকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানা যায়, ২০২৫ সালে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে গোলাপি বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব দিয়ে দেখার জন্য তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। এরপর গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। সংগঠনটির দাবি, প্রায় এক বছর তাঁর চিকিৎসার পাশাপাশি ঢাকায় একটি বাসায় থাকার ব্যবস্থাও করা হয়। পরে স্থায়ী পুনর্বাসনের জন্য নবীনগরের রতনপুর গ্রামে তাঁর জন্য নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
এর ধারাবাহিকতায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে রতনপুর গ্রামে বাড়িটি নির্মাণ করা হয়। এর আগে গত এপ্রিল মাসে বাড়িটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নানের সভাপতিত্বে চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।
অনুষ্ঠান বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংগঠনটি মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

