

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে নিজের মুদি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানি হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবু (৭১) কে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবু ওই গ্রামের মৃত মৃসলিম পাটওয়ারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি অভিযুক্তের দোকানের সামনে খেলছিল। এ সময় চকলেট খাওয়ানোর কথা বলে তাকে দোকানের ভেতরে ডেকে নেয়া হয়। পরে দোকানের শাটার বন্ধ করে শিশুটির ওপর পাশবিক যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর নানা বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ্ বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবুকে স্থানীয়দের সহযোগিতায় আটক করে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে। ঘটনার শিকার শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

