

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহের জের ধরে মায়ের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম নামের সাড়ে তিন বছরের এক শিশু খুনের ঘটনা ঘটেছে। এসময় ওই মায়ের ছুরিকাঘাতে আরেক সন্তান গুরুতর আহত হয়।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ১০ নম্বর বড়চওনা ইউনিয়নের খালিয়ার বাইদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার শাহীন আলমের ছেলে। এ ঘটনায় স্থানীয়রা মা আকলিমাকে বেঁধে রেখে পুলিশে খবর দিলে তাকে থানায় নিয়ে আসে।
অন্যদিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস ঠকানিয়াপাড়া গ্রামের নজিরন (৭০) ও প্রতিমা বংকী গ্রামের আব্দুস সালাম (৭০) নামের দুই ব্যক্তি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
নিহত শিশু আশরাফুলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে শাহীন আলমের দ্বিতীয় স্ত্রী আকলিমা তার মেয়ে সিরজাতুন ও পুত্র আশরাফুল ইসলামকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে বারোটায় দিকে ছুরি দিয়ে আকলিমা ঘুমন্ত দুই শিশু সন্তানকে ছুরিকাঘাত করে। এতে তারা গুরুতর আহত হয়। শিশুদের চিৎকারে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। এরপর গুরুতর আহত সিরজাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আবদুল আজিজ বলেন, পারিবারিক কলহের জের ধরে এই নির্মম ঘটনা ঘটেছে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আর আত্মহত্যায় নিহত দুজনকে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

