

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে মাাটিয়ান হাওরে বজ্রপাতে মোঃ শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে ও পেশায় নৌকা শ্রমিক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার মাটিয়ান হাওরে ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে বালুবাহী নৌকা নিয়ে উপজেলার টেকেরঘাট এলাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় সকাল ৮ টার দিকে বৃষ্টির মধ্যে যাওয়ার সময় বজ্রপাতে আক্রান্ত হয়। পরে তাকে সাথে থাকা লোকজন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের চাচা এম জি সম্রাট নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন, পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

