

বাবার মৃত্যুর পর মাঠে ফিরে নিজের প্রথম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) মেসির গোল-অ্যাসিস্ট সত্ত্বেও ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে ইন্টার মায়ামি।
ঘরের মাঠ সুবারু পার্কে মেসির দলকে আতিথ্য দেয় ফিলাডেলফিয়া ইউনিয়ন। ১১ মিনিটে প্রথমে পিছিয়ে পড়লেও দুই গোল করে লিড নেয় ইন্টার মায়ামি। ম্যাচের ২১ মিনিটে গোল করেন ড্যানিয়েল পিন্টার, বলের যোগান দেন মেসি।
২৬ মিনিটে নিজেই চোখধাঁধানো এক গোল করেন এলএমটেন। ইয়ান ফ্রেয়ের বাড়ানো বল ধরে ডি-বক্সের দিকে এগিয়ে যান আর্জেন্টাইন মহাতারকা। ড্রিবলিংয়ে জায়গা বানিয়ে বাম পায়ের নিপুণ শটে বল জালে জড়ান ৩৯ বছর বয়সী মেসি।
৫৮ মিনিটে নেইল পিয়েরে গোল করে ফিলাডেলফিয়াকে সমতায় ফেরান। ম্যাচের শেষ দিকে হাতাহাতিতে জড়িয়ে ফিলাডেলফিয়ার কাভান সুলিভান ও মায়ামির ইয়ানিক ব্রাইট দেখেন লাল কার্ড।
ম্যাচ নিষ্পত্তিহীন হলেও এ নিয়ে চলতি মৌসুমে এমএলএসে ১৭টি ম্যাচে মেসির গোল সংখ্যা দাঁড়ালো ১৩টি এবং অ্যাসিস্ট সংখ্যা ৯টিতে।

