

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় অটোরিকশাচালক আবুল কালাম (৪৫) হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—জিয়াউর রহমান জাহেদ (২০), নুরুচ্ছামাদ (৫০) ও নুর ইসলাম ওরফে জাপান ওরফে নোয়াখাইল্যা (৫৬)।
মামলার তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৪ মে সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আবুল কালাম। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ৫ মে দুপুরে খাগরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৈশামুড়া এলাকায় গরল খালের পানিতে অর্ধনগ্ন অবস্থায় একটি মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে স্বজনরা মরদেহটি আবুল কালামের বলে শনাক্ত করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এতে নিহতের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ও কালো দাগের উল্লেখ রয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ৬ মে সাতকানিয়া থানায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।
পুলিশের আদালতে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তি, বিভিন্ন সূত্র ও পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে গত ১৫ আগস্ট র্যাব-৭, সিপিসি-৩-এর সহায়তায় বাকলিয়া এলাকা থেকে জিয়াউর রহমান জাহেদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীহাট এলাকা থেকে নুরুচ্ছামাদ এবং মৈশামুড়া এলাকা থেকে নুর ইসলামকে গ্রেপ্তার করা হয়।
মামলা তদন্ত কর্মকতা এসআই জহির আমিন জানিয়েছে, মামলার তদন্ত এখনো চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার তিন আসামিকে জেলহাজতে রাখার আবেদন করা হয়েছে এবং তাদের জামিনের বিরোধিতা করা হয়েছে।
নিহত আবুল কালাম অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক ছিলেন।

