

পোল্যান্ডের জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন শহর 'হেল'–এর সঙ্গে সংযোগকারী বিতর্কিত '৬৬৬ নম্বর' বাস রুট আবারও চালু করেছে পরিবহন কোম্পানি ফ্লিক্সবাস।
বাইবেলে ‘৬৬৬’ সংখ্যাটিকে ‘দ্য নাম্বার অব দ্য বিস্ট’ বা ‘পশুর সংখ্যা’ বলা হয়েছে। খ্রিষ্টানদের অনেকেই এই সংখ্যাটিকে শয়তানের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন।
আগে স্থানীয় অপারেটর পিকেএস গডিনিয়া এই রুটটি চালু করেছিল, যা ‘হাইওয়ে টু হেল’ নামে পরিচিত হয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠীগুলোর আপত্তির মুখে ২০২৩ সালে বাসটির নম্বর পরিবর্তন করে ৬৬৯ রাখা হয়েছিল।
ফ্লিক্সবাস জানিয়েছে, নতুন এই রুটটি ১৩ ঘণ্টার দীর্ঘ যাত্রাপথে ক্রাকোভ থেকে হেল পর্যন্ত চলবে। পথে পোল্যান্ডের রাজধানী ওয়ারশসহ বেশ কয়েকটি বড় শহরের ওপর দিয়ে বাসটি যাবে।
কোম্পানির মুখপাত্র আলেক্সান্দার কালেনিক পোলিশ গণমাধ্যমকে বলেন, '৬৬৬ নম্বরটি ইচ্ছাকৃতভাবেই একটি মার্কেটিং উপাদান হিসেবে বেছে নেওয়া হয়েছে, যাতে জনপ্রিয় এই পর্যটন রুটটি আরও বেশি মানুষের নজরে আসে।'
এর আগে, ২০২৩ সালে পিকেএস গডিনিয়া কর্তৃপক্ষ জানিয়েছিল, বছরের পর বছর ধরে কিছু ধর্মীয় সংগঠনের চিঠি ও অনুরোধের চাপের কারণে তারা রুট নম্বর পরিবর্তন করতে বাধ্য হয়।
ধর্মীয় একটি সংগঠন তখন এই নম্বর ব্যবহারের সমালোচনা করে এটিকে ‘শয়তানের বাস’ বলে অভিযোগ তোলে।
পোল্যান্ড প্রধানত রোমান ক্যাথলিক অধ্যুষিত দেশ, যেখানে চার্চের প্রভাব ঐতিহাসিকভাবে শক্তিশালী।
উল্লেখ্য, হেল শহরটি অবস্থিত হেল উপদ্বীপের প্রান্তে, যা গডানস্ক উপসাগরের উত্তরে ৩৫ কিলোমিটার দীর্ঘ একটি বালুকাময় উপদ্বীপ। পর্যটকদের কাছে এটি সোনালি সৈকত, প্রাচীন স্থাপত্য এবং সিল স্যাংচুয়ারির জন্য জনপ্রিয় গন্তব্য।

