

যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় বসতঘরের একই খাট থেকে মা ও তাঁর ৬ বছরের শিশুসন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর হাত-পা বাঁধা এবং মায়ের গলায় ওড়না প্যাঁচানো ছিল। ঘটনাটি ঘিরে চরম রহস্যের সৃষ্টি হওয়ায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, খলশী গ্রামের জাকির হোসেনের স্ত্রী জুবায়দা খাতুন (৩২) এবং তাঁর ছয় বছরের ছেলে জিসান।
নিহতের স্বজনরা জানান, ঘরের ভেতর একই খাটে মা ও ছেলের লাশ পড়েছিল। নিহত শিশু জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে, মা জুবায়দা খাতুনের গলায় ওড়না প্যাঁচানো থাকলেও ওড়নার দুটি প্রান্ত তাঁর নিজের হাতে ধরা ছিল।
নিহত জুবায়দার ছোট বোন পিনজিরা জানান, তাঁর বোনজামাই জাকির দীর্ঘদিন বিদেশে থাকার পর এক বছর আগে দেশে ফেরেন। জাকিরের সঙ্গে তাঁর ভাই শিহাবের জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল। এই জমিজমার শত্রুতার জেরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশীও জানান, পরিবারের বাইরে তেমন কোনো শত্রুতা ছিল না।
এ বিষয়ে বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) পলাশ জানান, ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি দেখে বিষয়টি সাধারণ আত্মহত্যা বলে মনে হচ্ছে না। লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ ও রহস্য স্পষ্ট হবে। তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

