

ইরান যুদ্ধ নিয়ে নতুন করে আইনপ্রণেতাদের প্রশ্নের মুখে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের সামরিক বাজেটের পক্ষে সাফাই গেয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য জানায়।
মঙ্গলবার (১২ মে) কংগ্রেসে শুনানিতে তিনি দাবি করেন, এই বাজেট যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ধরে রাখতে এবং ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন।
তবে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান আইনপ্রণেতারাও ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ব্যয়, এর কৌশলগত লক্ষ্য এবং মার্কিন অস্ত্রের মজুত কমে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের খরচ ইতোমধ্যে প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যদিও এই ব্যয় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রস্তাবিত বাজেটের বাইরে রয়েছে।
শুনানিতে হেগসেথ বলেন, প্রয়োজনে যুদ্ধ আরও বাড়ানোর পরিকল্পনা যেমন রয়েছে, তেমনি পরিস্থিতি অনুযায়ী পিছু হটার পরিকল্পনাও প্রস্তুত আছে। তবে যুদ্ধ শেষ করার বিষয়ে স্পষ্ট কোনো সময়সীমা জানাননি তিনি।

