

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই তুরস্ক মানবিক সহায়তা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।
সকাল পৌনে ১১টার দিকে ঢাকার থেকে বিশেষ বিমানে কক্সবাজারে পৌঁছান বিলাল এরদোয়ানের নেতৃত্বাধীন ১১ সদস্যের একটি প্রতিনিধিদল। তাদের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল। কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানান জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।
কক্সবাজারে পৌঁছে প্রতিনিধিদলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি শিবিরে কর্মরত তুরস্কভিত্তিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান বিলাল এরদোয়ান।
পরে প্রতিনিধিদল উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শন করে। সেখানে তুরস্ক পরিচালিত একটি ফিল্ড হাসপাতাল এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) পরিচালিত বহুমুখী শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র ঘুরে দেখেন তারা।
এ ছাড়া রোহিঙ্গা তরুণদের অংশগ্রহণে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচেও অংশ নেন প্রতিনিধি দলের সদস্যরা। ম্যাচ শেষে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করার কর্মসূচিও রয়েছে তাদের। এক দিনের এ সফরে প্রতিনিধিদল রোহিঙ্গা শিবিরের সার্বিক পরিস্থিতি এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করবে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রাতেই কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে এ প্রতিনিধিদলের।

