

৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম বিবেচনা করে এ মনোনয়ন দেয়া হয়েছে। নবম থেকে একাদশ গ্রেডের বিভিন্ন শূন্য পদে এই নিয়োগ কার্যকর হবে। সংশ্লিষ্ট দপ্তরের যাচাই-বাছাই ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত নিয়োগ কার্যক্রম এগোবে।
উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় ৪ হাজার প্রার্থী। মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ক্যাডার ও নন-ক্যাডার দুই পর্যায়ে ফলাফল প্রকাশ করা হচ্ছে।

