

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: থানায় একটি হারানো জিডি করতে গিয়ে রুবেল রানা (৩০) নামের এক যুবক পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কাজিপুর থানায় এই ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত রুবেল রানা কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চরভানুডাঙ্গা গ্রামের আবু বক্করের ছেলে।
কাজিপুর থানা সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রুবেল রানা একটি হারানো জিডি করার উদ্দেশ্যে কাজিপুর থানায় আসেন। থানায় অবস্থানকালে তার কথাবার্তা ও আচরণে ডিউটি অফিসারের সন্দেহ হয়। একপর্যায়ে পুলিশ তার সাথে থাকা ব্যাগটি তল্লাশি করলে ভেতর থেকে ৪ বোতল চোলাই মদ (দেশী মদ) পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে থানা পুলিশ তাকে আটক করে।
কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়ার ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদন্ডের আদেশ দেন।

