

মহিউদ্দিন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় লাইট মেশিনগান, বিদেশী গুলি ও বিদেশী ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করেছে।
২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন টিএনটি মোড় পাহাড় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস ও ১টি বি-টাইপ টহল দল ফাঁদ পেতে অবস্থান নেয়। এ সময় ৩-৪ জন চোরাকারবারী মোটরসাইকেল যোগে টিএনটি মোড়ের কাছাকাছি আসলে বিজিবি টহল দল তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে চোরাকারবারীরা ২টি প্লাস্টিকের বস্তা ও একটি ছোট ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে বিজিবি টহল দল এলাকা তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়।মারিশ্যা জোন ২৭ বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করা হয়।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইদানীং চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি করেছে। তা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

