

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সোহান নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর উজিরপুর এলাকার সাত্তারের মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ি থেকে বেরিয়ে সহপাঠীদের সঙ্গে নদীতে গোসল করতে নেমেছিল সোহান। এক পর্যায়ে তার হাতে থাকা প্লাস্টিকের বোতল ছুটে গেলে সেটি ধরতে গিয়েই পানিতে তলিয়ে যায় সে। স্থানীয়রা জানান, সোহান সাঁতার জানতো না।
পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে সোহানকে উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. অন্তর আহসান তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ‘শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরে ইসিজি পরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করা হয়।’
এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
নিহত সোহান উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর খারোগ্রাম এলাকার সেলিম রেজার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

