

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় মাত্র ২শত টাকায় কারেন্ট জাল বন্ধকের জেরে প্রতিবেশীর আঘাতে মোস্তাকিন হোসেন (২২) নামের এক যুবকে হত্যা করা হয়। গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত যুবক একই এলাকার বেলাল হোসেনের ছেলে।
মাত্র পাঁচ ঘন্টায় এ ঘটনায় জড়িত ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলো- বড়শিবপুর এলাকার রতন হোসেন (২২), সাইদুল ইসলাম (২৪), মো. হাসান (১৪), রোকেয়া বেগম (৫৫) ও জাকিয়া বেগম (১৯)।
ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, মাত্র দুইশত টাকা দিয়ে কয়েকদিন পূর্বে মাছ মারার জন্য কারেন্ট জাল বন্ধক রাখাকে কেন্দ্র করে মোস্তাকিন নামে এক যুবককে ধারালো হাসুয়া, সাবল ও লাঠি দিয়ে মারধর করেন একই এলাকার আব্দুল জলিলের ৩ ছেলে, স্ত্রী ও ছেলে বউ। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় মোস্তাকিনকে সন্ধ্যায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপালাতে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহত যুবকের বোন বেলী খাতুন রাতে থানায় একটি হত্যা মামলা করেন। পরে প্রায় ৫ ঘন্টার মধ্যে থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার সাহাপুর, আঙ্গরত-কলোনী এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখান থেকে তাদের পুলিশ গ্রেপ্তার করেন। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সাবল উদ্ধার করেছেন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আসামিদের জেলা কোর্ট হাজতে পাঠানো হয়।

