

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: “সামাজিক সংগঠনের ঐক্য, তারুণ্যের শক্তি—গড়বে সুন্দর সমাজ, আনবে সমৃদ্ধি”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ায় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে ‘মিনি পার্লামেন্ট’ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ।
এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, একটি এলাকার উন্নয়ন ও সামাজিক সমস্যার সমাধানে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে মাদক, কিশোর অপরাধ, সামাজিক অবক্ষয় ও বিভিন্ন জনদুর্ভোগ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেন, সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতি তিন মাস পরপর সামাজিক সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করা হবে। এসব সভায় সংগঠনগুলোর বিভিন্ন সমস্যা ও এলাকার সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, “সামাজিক সংগঠনগুলোকে এক ছাতার নিচে এনে সমন্বিতভাবে কাজ করতে চাই। প্রতি তিন মাস পরপর আমরা তাদের সঙ্গে বসব। তাদের সমস্যা শুনব এবং সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”
এ সময় তিনি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ে একটি ‘মিনি পার্লামেন্ট’ কাঠামোতে কার্যক্রম পরিচালনার ঘোষণা দেন। এ কাঠামোর মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা, মতামত গ্রহণ এবং সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ ‘মিনি পার্লামেন্টের’ স্পিকার হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়।
এমপি শাহাজাহান চৌধুরী আরও বলেন, তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাদকমুক্ত সাতকানিয়া গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “সবার সঙ্গে মিলেমিশে আমরা সাতকানিয়াকে মাদকমুক্ত করব, ইনশাআল্লাহ।”
সভায় সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও তাদের বিভিন্ন সমস্যা, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা সামাজিক উন্নয়ন, যুবসমাজকে সম্পৃক্তকরণ, ক্রীড়া কার্যক্রম বৃদ্ধি এবং মাদক ও অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সভা শেষে বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে সামাজিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

