

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের ভয় দেখিয়ে বিকাশ পরিবেশকের সেলস অফিসার সানি জাবির বাঁধনের কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় বিকাশের স্থানীয় পরিবেশক বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশ টাকা ছিনতাইকারীদের এখনো চিহ্নিত করতে পারেনি।
বাগেরহাটে বিকাশের পরিবেশক মেসার্স জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী জানান, তাদের সেলস অফিসার সানি জাবির বাঁধন বৃহস্পতিবার সকালে অফিস থেকে ব্যাগে নগদ তিন লাখ টাকা নিয়ে মোইরসাইকেল যোগে বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে থাকা ছয় ব্যক্তি সেলস অফিসার সানি জাবিরকে বাগেরহাট সদরের ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড় গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে কাছ থেকে ব্যাগে থাকা দুই লাখ টাকা ও একটি মুঠোফোন ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। ছিনতাইয়ের ঘটনা জানানোর পর পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, বিকাশের স্থানীয় পরিবেশকের দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ছিনতাইকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

