

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
গত বছরের জুলাইয়ে জুবায়দুর রহমানকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।
২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছিল এস আলম গ্রুপ। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের সরিয়ে স্বতন্ত্র পরিচালকদের দায়িত্ব দেয় বাংলাদেশ ব্যাংক।
ড. জুবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফাইন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে উচ্চপদস্থ একাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া, বিশ্বব্যাংকের সাবেক এই কর্মকর্তা আমেরিকার, আফ্রিকা, এশিয়া, ইউরোপের বিভিন্ন দেশে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

