

তেহরানের বিরুদ্ধে জয় পেতে যুক্তরাষ্ট্রের কারো সাহায্যের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১২ মে) চীন সফরের প্রাক্কালে হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে হোক বা অন্য কোনো উপায়ে— ইরানের বিরুদ্ধে জয় নিশ্চিত করবে ওয়াশিংটন। খবর আল জাজিরা'র।
চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করবেন ট্রাম্প। সেখানে ইরান সংকট নিরসনে বেইজিংয়ের সহায়তা চাইবেন কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সাফ জানিয়ে দেন, না, আমি মনে করি না ইরানের বিষয়ে আমাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে। আমরা একভাবে না একভাবে জিতে যাব। সেটা শান্তিপূর্ণভাবে হতে পারে, আবার অন্য উপায়েও হতে পারে।
ইরানের সামরিক সক্ষমতা নিয়ে উপহাস করে ট্রাম্প বলেন, তাদের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, তাদের বিমানবাহিনী শেষ এবং তাদের যুদ্ধ যন্ত্রের প্রতিটি উপাদান এখন অকেজো। পাশাপাশি, ইরানের বন্দরগুলোতে দেওয়া মার্কিন অবরোধ ‘১০০ শতাংশ কার্যকর’ হয়েছে বলেও দাবি করেন তিনি।
এছাড়া, ইরানের সাথে চলমান যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে বা এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা আছে কি না— এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান ট্রাম্প। তিনি বলেন, দেখা যাক কী হয়। চীন যাওয়ার পথে ফ্লাইটে আমি এটি নিয়ে ভাবব এবং আগামী কিছু সময় আমাদের পর্যবেক্ষণে থাকবে।

