

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানি করা কাঁচামাল দিয়ে পোশাক উৎপাদন ও রপ্তানির ঘোষণা দিয়েছিল একটি তৈরি পোশাক প্রতিষ্ঠান। কিন্তু রপ্তানি চালানের কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগ্রহ করা স্টকলটের পোশাক পাওয়া গেছে। এতে প্রায় ৭৪ লাখ ৪৮ হাজার টাকার শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা উদ্ঘাটন করেছে চট্টগ্রাম কাস্টমস।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড নামের একটি বেসরকারি অফডকে অভিযান চালিয়ে এ অনিয়ম শনাক্ত করে কাস্টমস হাউস আইসিডি, চট্টগ্রামের প্রিভেন্টিভ টিম।
কাস্টমস সূত্র জানায়, গাজীপুরের বিকেসি সোয়েটার লিমিটেড নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের পণ্যচালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এ সময় সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রপ্তানি ঘোষণায় চালানটিতে তিন ধরনের মোট ৪০ হাজার ৮টি পোশাক থাকার কথা উল্লেখ করা হয়েছিল। এর মধ্যে ৩৯ হাজার ৩৭৯ পিস লেডিস, মেনস ও সোয়েটার, ৪৫৮ পিস লেডিস স্কার্ট এবং ১৭১ পিস লেডিস প্যান্ট অন্তর্ভুক্ত ছিল। কিন্তু পরীক্ষায় ঘোষণার সঙ্গে মিল না পেয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের ৪০ হাজার ৮ পিস স্টকলটের তৈরি পোশাক পাওয়া যায়।
চালানটির ঘোষিত রপ্তানি মূল্য ছিল ৫২ হাজার ১০ দশমিক ৪০ মার্কিন ডলার। পণ্যগুলোর গন্তব্য হিসেবে লেবাননের নাম উল্লেখ করা হলেও ইউটিলাইজেশন ডিক্লারেশনে (ইউডি) নোটিফাই পার্টি দেখানো হয়েছিল বেলজিয়ামকে। এ দুই দেশের ভিন্নতার বিষয়টিও চালানের নথিতে উঠে এসেছে।
কাস্টমসের প্রাথমিক অনুসন্ধানে আরও জানা গেছে, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্তভাবে আমদানি করা অর্গানিক কটন, নাইলন, পলিয়েস্টার ও রিসাইকেলড পলিয়েস্টারসহ বিভিন্ন ধরনের সুতা ও কাঁচামাল ব্যবহার করে ঘোষিত পোশাক উৎপাদনের কথা জানিয়েছিল। পাশাপাশি রপ্তানি পণ্যে আরএফআইডি, মেটাল জিপার ও বিভিন্ন ধরনের লেবেল ব্যবহারের তথ্যও দেওয়া হয়েছিল।
তবে বাস্তবে বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল দিয়ে ঘোষিত পোশাক উৎপাদন না করে স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা স্টকলটের পোশাক রপ্তানির চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কাস্টমস। এতে একদিকে রপ্তানি ঘোষণায় পণ্যের প্রকৃত পরিচয় গোপনের চেষ্টা হয়েছে, অন্যদিকে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা কাঁচামাল ও আনুষঙ্গিক উপকরণের অবৈধ অপসারণের বিষয়টিও সামনে এসেছে।
কাস্টমসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় প্রায় ৭০ লাখ টাকার শুল্ক এবং ৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকার মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির অপচেষ্টা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকা।
কাস্টমস হাউস আইসিডি, চট্টগ্রাম জানিয়েছে, ঘটনার বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

