

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ার আসাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসাদ মোল্যা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত ও এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ (২০২৬ সাল) দুপুর ১২টায় নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ার তৃতীয় শ্রেণির ছাত্রীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী আসাদ মোল্যা ঘরের মধ্যে প্রবেশ করে ধর্ষণ করে।
একপর্যায়ে বাদীর মেঝো মেয়ে বাড়িতে এসে বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসলে আসাদ ভুক্তভোগী শিশুকে ছেড়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন ভুক্তভোগী শিশুর বাবা ও মাকে খবর দিলে তারা বাইরের কাজ ফেলে বাড়িতে এসে মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
এরপর ভুক্তভোগী শিশুকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন (২৫ মার্চ) শিশুটির বাবা বাদী হয়ে আসাদ মোল্যাকে আসামি করে নড়াগাতী থানায় মামলা দায়ের করেন। এ মামলার আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সাথে তাকে ৩ লাখ টাকা জরিমানা দণ্ডে দণ্ডিত করা হয়েছে।

