

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে নিজের ও স্বজনদের বাড়িঘর-দোকানপাট পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল মিয়া। তবে তাঁর এই অভিযোগের সঙ্গে স্থানীয় বাস্তবতার মিল নেই বলে দাবি করেছেন এলাকাবাসী।
তাঁদের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁর বাড়িঘর কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো হামলা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। এ নিয়ে এলাকাজুড়ে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এমনকি আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও তাঁর বক্তব্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সম্প্রতি টেলিগ্রামে অনুষ্ঠিত এক বৈঠকে আবুল মিয়ার দেওয়া বক্তব্যের প্রায় আড়াই মিনিটের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শনিবার অডিওটি ফাঁস হওয়ার পর তা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ-৫ আসনের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী টেলিগ্রামে বৈঠক করেন। ওই বৈঠকেই নিজের ও পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ধরেন আবুল মিয়া।
ছড়িয়ে পড়া অডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি দোয়ারাবাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। আমার বাবা আব্দুল খালেক তিনবারের সাবেক চেয়ারম্যান। নেত্রী, আমাদের বাড়িঘর কিছুই নেই। আমিসহ আমার তিন ভাই জেল খেটেছি। আমার চাচা জেল খেটেছে। আমাদের পরিবারের অস্তিত্ব নেই, আমরা পালিয়ে বিভিন্ন জায়গায় আছি। আমাদের দোকানপাটসহ সবকিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে।’
তবে স্থানীয়দের দাবি, আবুল মিয়ার এই বক্তব্য বাস্তবতাবিবর্জিত। ৫ আগস্টের পর দোয়ারাবাজার উপজেলা সদরসংলগ্ন নৈনগাঁওয়ে অবস্থিত তাঁর বাড়িতে কোনো হামলা, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। তাঁর বা পরিবারের মালিকানাধীন কোনো দোকানপাটও পুড়িয়ে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল মিয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নিবন্ধিত ঠিকাদার হিসেবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ করেছেন। নাশকতার মামলায় কারাভোগের পর জামিনে বেরিয়ে তাঁকে প্রকাশ্যে চলাফেরা করতেও দেখা গেছে। তাঁর পরিবারের সদস্যরাও এলাকায় স্বাভাবিকভাবে ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের দাবি।
এদিকে তাঁর এমন বক্তব্যে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগটির সত্যতা নিয়েও তাঁদের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ রয়েছে বলে দাবি করা হচ্ছে। সব মিলিয়ে আবুল মিয়ার বক্তব্য ঘিরে দোয়ারাবাজারে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল বারী বলেন, ‘যুবলীগ নেতা আবুল মিয়ার এমন মিথ্যাচার হতাশাজনক। সে এবং তার পরিবারের লোকজন প্রকাশ্যে ব্যবসা-বাণিজ্য করে আসছে, ঠিকাদারি করছে। অথচ মিথ্যা অপপ্রচার করে এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে।’
দোয়ারাবাজার উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুল মানিক মাস্টার বলেন, ‘এমন মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সে, তার বাবা, আত্মীয়স্বজন সবাই প্রকাশ্যে ঘোরাফেরা করছে। তার বাবা বাড়িতে আছেন। তাদের বাড়িঘর কখন পোড়ানো হলো? এই মিথ্যাচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, ‘পুলিশ তাকে খুঁজছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

