

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার অপর সাত আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সিংগাইর উপজেলার গোবিন্ধল গ্রামের জিয়ার উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, জসিম ও সিদ্দিক মিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আট আসামির মধ্যে রয়েছেন একই এলাকার জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, সামসুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মনন ও স্বপন।
আদালত সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার গোবিন্ধল উত্তরপাড়া গ্রামের রহিম মোল্লার ছেলে আজিজ মোল্লা এবং তাঁর চাচাতো ভাই করিম মোল্লা ও টেটুল মোল্লার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে আসামিরা আজিজ মোল্লাসহ তিনজনকে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন।
ঘটনার দিন নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ২৪ জনকে আসামি করে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
রায়ে নিহতদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তাঁরা।
আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) আ. ফ. ম. নূরতাজ আলম বাহার।

