ঢাকা
প্রকাশিত : November 2, 2026
আপডেট: November 2, 2026
প্রকাশিত : November 2, 2026

চট্টগ্রামে বাড়ির মালিককে পিটিয়ে আহত, তালিকাভুক্ত সন্ত্রাসী ডোনার রুবেল আটক

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন মুরাদনগরে ভাড়া নেওয়া অফিস কক্ষ অন্যজনকে ভাড়া দেওয়ার চেষ্টা করায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মালিককে মারধরের অভিযোগ উঠেছে ভাড়াটিয়া মো. রুবেল ওরফে ডোনার রুবেলের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত মালিক মো. সেলিম (৫৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মীরপাড়া তুলা কোম্পানির বাড়ির উত্তর পাশে সেলিমের গুদামঘরের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সেলিমের স্ত্রী নারগিস আক্তার বাদী হয়ে রুবেলসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১ মার্চ দুই বছরের চুক্তিতে সেলিমের একটি অফিস কক্ষ ভাড়া নেন রুবেল। তবে সেখানে বিভিন্ন লোকজনের আনাগোনা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রায় এক মাস আগে তাকে কক্ষ ছেড়ে দিতে বলেন মালিক। তিন মাসের মধ্যে কক্ষ ছেড়ে দেওয়ার কথা থাকলেও সেলিমের অনুমতি ছাড়া অন্য একজনকে সেটি ভাড়া দেওয়ার চেষ্টা করেন রুবেল।

এ নিয়ে ঘটনার দিন সকালে সেলিমের সঙ্গে রুবেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল লোকজন ডেকে এনে সেলিমকে অফিস কক্ষে আটকে লাঠিসোঁটা দিয়ে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে সেলিমের মাথা ফেটে যায় এবং বাম হাতের কনুইয়ের নিচে হাড় ভেঙে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের অর্থোপেডিক ও ট্রমাটোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

সিএমপির বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলা ও ভাঙচুরের অভিযোগে রুবেল নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, মো. রুবেল ওরফে ডোনার রুবেল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে জুলাই ছাত্র হত্যা, অস্ত্র ও মাদকসংক্রান্ত মামলা রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram