

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পোলট্রি খামারের চারপাশে দেওয়া বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন সরদার (৩০) নামের এক খামারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উপজেলার মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া এলাকার আরব আলী সরদারের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ঘটনার সময়ও মুরগির খামারে কাজ করতে গিয়েছিলেন আলামিন। বন্যপ্রাণীর আক্রমণ থেকে মুরগি রক্ষা করতে খামারের শেডের চারপাশে দেওয়া বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মরদেহ উদ্ধার করেন।
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

