

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত অভিযান, টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোন। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্র জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। এ সময় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
এ ছাড়া জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড। নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রমও অব্যাহত রয়েছে।
কোস্ট গার্ড পূর্ব জোনের পক্ষ থেকে বলা হয়েছে, মা ইলিশ সংরক্ষণ করা গেলে ইলিশের বংশবৃদ্ধি ও ভবিষ্যৎ উৎপাদন বাড়বে। এতে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণের পাশাপাশি সুনীল অর্থনীতিও সমৃদ্ধ হবে।
মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

