ঢাকা
প্রকাশিত : September 9, 2026
আপডেট: September 9, 2026
প্রকাশিত : September 9, 2026

টেকনাফে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন কনস্টেবল গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ৫৪ হাজার ইয়াবাসহ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেল থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

গেল রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রামু সেক্টরের অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বিজিবি।

গ্রেপ্তার মোহাম্মদ আলী ওরফে মুন্না সিকদার (২৭) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া এলাকার মৃত নুরুল বশরের ছেলে। তিনি ১৬ এপিবিএনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

বিজিবি জানায়, মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেলকে সন্দেহ হয়। পরে মোটরসাইকেলটির আরোহী মুন্না সিকদারের কথাবার্তায় সন্দেহ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মোটরসাইকেলে ইয়াবা থাকার কথা স্বীকার করেন।

পরে তাঁর দেখানো মতে মোটরসাইকেলটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৭০টি পুঁটলি উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে পুঁটলিগুলো গণনা করে মোট ৫৪ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

অভিযানে মুন্না সিকদারের কাছ থেকে দুটি আইফোন, নিবন্ধনবিহীন একটি পুরোনো মোটরসাইকেল এবং নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে টেকনাফে ১৬ এপিবিএনে দায়িত্ব পালন করে আসছিলেন।

গ্রেপ্তার মোহাম্মদ আলী এবং উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram