

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে সাময়িক বরখাস্তকৃত এক আনছার সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ খান (৩৭) হাবলা উত্তর পাড়ার মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য দুইজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএস আই মো: আতিকুর রহমান জানান, রাতে হানিফ নামের সাময়িক বরখাস্তকৃত এক আনছার সদস্যকে গুরুত্বর আহত অবস্থায় নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

