

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন পৌর এলাকার আশকিপাড়া গ্রামে এক মানসিক ভারসাম্যহীন ছেলের অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছেন তার জন্মদাতা পিতা এলাহী (৬০)। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসিন গত ৩-৪ বছর ধরে গুরুতর মানসিক রোগে ভুগছিলেন। মাঝখানে সুচিকিৎসায় কিছুটা সুস্থ হলেও গত ১-২ মাস ধরে তার মানসিক অবস্থার আবারও অবনতি ঘটে। বুধবার সকালে বাবা এলাহী ফজরের নামাজ শেষে রান্নাঘরে গিয়ে চা তৈরির পর ছেলেকে চা খাওয়ার জন্য ডাকতে যান। কিন্তু ঘুম থেকে উঠে কিছু বুঝে ওঠার আগেই ছেলে ইয়াসিন বাবার ওপর অতর্কিত ও নির্মম হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ওই প্রবীণ বাবার করুণ মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে নিহতের বড় পুত্রবধূ জেরিন আক্তার জানান, ইয়াসিন চিকিৎসাধীন থাকা অবস্থায় কিছুদিন ভালো ছিল। কিন্তু হুট করে বুধবার সকালে সে যে এমন নৃশংস ঘটনা ঘটিয়ে বসবে, তা পরিবারের কারও কল্পনার মধ্যেও ছিল না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত ইয়াসিনকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
একই পরিবারে এমন হৃদয়বিদারক ঘটনায় আশকিপাড়াসহ পুরো এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

