

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে মানবপাচারের শিকার পাঁচ ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ)।
র্যাব সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নুরুল কবিরের বসতবাড়ির সামনের সড়কে অভিযান চালানো হয়।
র্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা সংঘবদ্ধ মানবপাচারকারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয় এবং মানবপাচারের শিকার পাঁচ ভিকটিমকে উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, অজ্ঞাতনামা ব্যক্তিরা আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যে এবং জবরদস্তিমূলক শ্রম ও সেবা আদায়ের অসৎ অভিপ্রায়ে ভিকটিমদের নৌকাযোগে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় একত্রিত করেছিল।
উদ্ধার হওয়া পাঁচ ভিকটিম ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

