

চট্টগ্রাম প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্যবাদ ও শোষণ-বৈষম্যের বিরুদ্ধে তাঁর আজীবন সংগ্রামের আদর্শকে ধারণ ও সমাজে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নজরুল বর্ষ সম্মাননা’ পেয়েছেন হিডস লিগ্যাল এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. মো. হারুন অর রশিদ।
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক উৎসবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। হিডস লিগ্যাল এইড ফাউন্ডেশনের স্পন্সরে এবং এস এনাম ইন্টারন্যাশনাল লিমিটেডের কো-স্পন্সরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন হিডস লিগ্যাল এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নজরুল বর্ষ সম্মাননাপ্রাপ্ত লায়ন ড. মো. হারুন অর রশিদ। প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি, রাষ্ট্রচিন্তক ও বরেণ্য আইনজীবী ফয়সাল মাহমুদ ফয়জী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, এস এনাম ইন্টারন্যাশনালের মহাব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হক (ইমন চৌধুরী), রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির মহাসচিব এম গফুর উদ্দিন চৌধুরী, বিদ্রোহী দ্য নজরুল সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান, নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, কলামিস্ট-গবেষক ও শিল্প উদ্যোক্তা এম আরিফুল ইসলাম চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও মানবতাবাদী চেতনাকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁর সাম্য, মানবমুক্তি, অসাম্প্রদায়িকতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে অপসংস্কৃতির বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে নজরুলের বিদ্রোহী ও বিপ্লবী সৃষ্টিকে আরও ব্যাপকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, নজরুল যে বৈষম্যহীন ও মানবিক সমাজের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নজরুলের চেতনা ও দর্শনকে ধারণ করে একটি মানবিক, সাম্যভিত্তিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ সম্মাননা’-তে আরও সম্মানিত হন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, এস এনাম ইন্টারন্যাশনালের মহাব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হক (ইমন চৌধুরী) এবং রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির মহাসচিব এম গফুর উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, চেতনা ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সমাজে সাম্য, মানবিকতা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক উৎসবটি বিশিষ্টজনদের বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা এবং সম্মাননা প্রদানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

