

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক সেবন ও জন্মদাত্রী মাকে নিয়মিত মারধরের অভিযোগে শাহরিয়ার নাজিম (জয়) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত শাহরিয়ার নাজিম (জয়) সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গাটিয়াপাড়ার মৃত মো. ঈসমাইলের ছেলে।
সোমবার (২৪ আগস্ট) সকালে সাতকানিয়া থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেন।
জানা যায়, শাহরিয়ার নাজিম দীর্ঘদিন ধরে মাদক সেবনের পাশাপাশি তার জন্মদাত্রী মাকে মারধর ও পরিবারের সঙ্গে অসদাচরণ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “মাদক সেবন শুধু একজন ব্যক্তির জীবন নয়, পুরো পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, মাদকাসক্তির কারণে পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

