

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় এক কিশোরীর গোসলের ভিডিও গোপনে ধারণের চেষ্টার অভিযোগে ফুলচান মিয়া নামে এক যুবককে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
জানা যায়, সফিপুর এলাকার এক কিশোরীর গোসলের ভিডিও গোপনে ধারণের চেষ্টা করলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন তার নিজ কার্যালয়ে শুনানি শেষে অভিযুক্ত ফুলচান মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

