

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পিতা মো. হাসর মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।
সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার উত্তর আকালিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে তিতাস থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রথমে গত ১০ মে তার ১৮ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে চলতি বছরের ১লা জুলাই আবারও জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানান। পরে ভুক্তভোগীর মা গোপনে পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যদাতার সহায়তায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, অভিযুক্ত হাসর মিয়া পেশায় একজন অটোরিকশাচালক।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, "৫ জুলাই ভুক্তভোগী ও তার মা আমাদের কাছে অভিযোগ করেন যে, অভিযুক্ত ব্যক্তি তার আপন মেয়েকে দুই দফা ধর্ষণ করেছেন। অভিযোগ পাওয়ার পর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর আকালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।"

