

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় ফুল তুলতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক বৃদ্ধ। সোমবার (১৩ এপ্রিল) ভোরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন কালু বড়ুয়া (৫৫), তিনি ওই গ্রামের বাসিন্দা এবং প্রবাসী অসীম বড়ুয়ার পিতা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে বৌদ্ধ বিহারে দেওয়ার জন্য ফুল তুলতে বাড়ি থেকে বের হন কালু বড়ুয়া। এ সময় এলাকায় হাতে ধারালো দা নিয়ে ভাঙচুর চালাচ্ছিলেন বাবু বড়ুয়া ওরফে টাম্বু বড়ুয়া (৩২)।
একপর্যায়ে কালু বড়ুয়া তার এমন আচরণের কারণ জানতে চাইলে টাম্বু বড়ুয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি কালু বড়ুয়ার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই একপর্যায়ে গলা কেটে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত টাম্বু বড়ুয়াকে আটক করে। বর্তমানে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, “হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন।”
নিহতের পরিবারের দাবি, টাম্বু বড়ুয়ার সঙ্গে কালু বড়ুয়ার কোনো পূর্ব বিরোধ ছিল না। তবে তারা সন্দেহ করছেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকতে পারে।
এ নির্মম হত্যাকাণ্ডের পর রামু উপজেলার পূর্ব মেরংলোয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

