

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি: নড়াইলে নাতি মাহিমকে স্কুলে দিতে গিয়ে ট্রেনের নিচে পড়ে নানা আকরাম মোল্যার (৬০) মৃত্যু হয়েছে। নিহত আকরাম মোল্যার বাড়ি লোহাগড়া উপজেলার চর-বকজুড়ি গ্রামে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলার লোহাগড়া উপজেলার পূর্ব চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আকরাম মোল্যা নিজ বাড়ি থেকে নাতি মাহিম মোল্যাকে নিয়ে বের হন স্কুলে পৌছে দেয়ার উদ্দেশ্যে। দেড় কিলোমিটার দূরে চর জঙ্গল মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাতি মাহিমকে পৌছে দেন। এরপর তিনি বাড়ি ফিরছিলেন। চর-কালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, স্কুল থেকে বেরিয়ে আকরাম মোল্যা রেললাইনের উত্তর পাশে যাওয়া জন্য রেললাইনের ওপর উঠেছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়েন তিনি। আন্ডারপাস খানিকটা দূরে থাকায় তিনি সরাসরি পার হচ্ছিলেন। ঝুঁকি নিয়ে দ্রুত পার হতে গিয়ে তিনি দুর্ঘটনায় পড়ে প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় লোহাগড়া থানা-পুলিশ।
লোহাগড়া থানার উপ-পরিদর্শক আজিজুল তালুকদার বলেন, মরদেহটি উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। বিষয়টি রেল-পুলিশকে জানানো হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নেবে।

