

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা ইমান উল্লাহ মাস্তানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করে। তবে এদিন রিমান্ড বিষয়ে কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি। আদালত আগামীকাল সোমবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত শনিবার (৪ এপ্রিল) দুপুরে আগানগর ইউনিয়নের কদমতলী এলাকায় অবস্থিত একটি গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বিকেলে তা পুরোপুরি নিভে যায়।
মামলা সংশ্লিষ্ট সূত্র জানায়, এ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ইমান উল্লাহ মাস্তানকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা শীট ব্যবসায়ী সমিতির সভাপতি ইমান উল্লাহ মাস্তানকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

