ঢাকা
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩১
প্রকাশিত : এপ্রিল ৪, ২০২৬
আপডেট: এপ্রিল ৪, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ৪, ২০২৬

বাবার চোখের চিকিৎসা করাতে গিয়ে নিজের চোখ বুঁজলেন রাকিব

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সাথে ধাক্কায় রাকিব হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার পিতা আবুল হাসেম (৬০)। নিহত রাকিব ঢাকায় বাবার চোখের চিকিৎসা করাতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন পরিবার ও বন্ধুরা।

শনিবার (৪ এপ্রিল) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলাধীন ধানুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, দ্রুতগামী সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খেজুর গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী দুজনই গুরুতর আহত হয়ে জ্ঞান হারান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিব হোসেনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার পিতা আবুল হাসেম চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রাকিব হোসেন পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মিয়াজী বাড়ির আবুল হাসেমের ছেলে। একই সিএনজির যাত্রী ছিলেন তার বাবা আবুল হাসেম।

মৃত রাকিবের কলেজ জীবনের বন্ধু মো. রাসেল হোসেন বলেন, রাকিব হোসেন তার বাবার চোখের চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারে শোকের মাতম চলছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এমদাদুল হক বলেন, রাকিব হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার সিএনজিটি জব্দ করা হয়েছে। অজ্ঞাত সিএনজি চালক পালিয়ে থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রাকিবের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram