

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ ৭ জনকে আটক করেন স্থানীয়রা।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
আটককৃত ব্যক্তিরা হলেন, মেলান্দহ উপজেলার তেলিপাড়া এলাকার মৃত আলতাবুর রহমান ছেলে হাকিম মিয়া (৪০), বগুড়া জেলার সারিয়াকান্দি কাটাপুর বাজার এলাকার দুলাল ব্যাপারির ছেলে ফুল মিয়া (৩৮), হাফিজুর রহমান (৪০), মোঃ শাহ জামাল (৫০), মোঃ মারুফ হোসেন (২৪), মোঃ জুগলু মিয়া (৪৪) ও মোঃ জহুরুল ইসলাম (৪৫)।
স্থানীয়রা জানায়, মধ্য রাতে কয়েকটি গাড়িতে করে ১৫টি তেলের ড্রাম নিয়ে যাওয়া সময় এলাকাবাসীর নজরে আসে। এ সময় সন্দেহ হলে স্থানীয়রা গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালায়। পরে গাড়িতে থাকা বিপুল পরিমাণ পেট্রোলসহ ৭ জনকে আটক করেন।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এলাকাবাসী ওই ৭ জন ব্যক্তিকে আটক করেছে। আমাদের পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত রয়েছে। উপজেলা প্রশাসন সেখানে পৌছানোর পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

