

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এঘটনা ঘটে। নিহতরা হলেন, ছোটবাদকয়া গ্রামের জাহিদুল ইসলাম (৫০), মনির হোসেন (২৭) ও বাবুল (৫০)।
আহতরা হলেন, বড়বাদকয়া গ্রামের মিঠুন (৩০), ভেল্লাবাড়িয়া গ্রামের গোলাম রাব্বী, রাজিবুল ইসলাম (২৬) ও রামকৃষ্ণপুর গ্রামের মজনু (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে যাত্রীবাহী একটি ইজিবাইক যাওয়ার পথে নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং চালকসহ আরও ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পাঁচজনের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই মনির ও বাবুল নামে আরো দুইজন মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

