

মোঃ রাকিবুল ইসলাম রাকিব, জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পুনরায় পরিবর্তন করে ‘জিয়ানগর উপজেলা’ রাখা হয়েছে। এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন ইতোমধ্যেই জারি হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, ২০ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রজ্ঞাপনটি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিতভাবে জারি করেছেন।
জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার পারেরহাট, বালিপাড়া ও পত্তাশী ইউনিয়নের ১২৮.৬৭ বর্গকিলোমিটার এলাকায় ১৯৭৬ সালে গঠিত ইন্দুরকানী থানা। ২০০২ সালের ২১ এপ্রিল তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্দুরকানী কলেজ মাঠে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে ‘জিয়ানগর’ উপজেলা নামকরণ ঘোষণা করেন। সেই সময় সংসদ সদস্য ছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী।
এরপর ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার সভায় পুনর্বিবেচনার পর উপজেলা ১৫ বছর পর ‘ইন্দুরকানী’ নামে পুনঃনামকরণ করা হয়।
এ ব্যাপারে স্থানীয় বিএনপির নেতা ও জিয়ানগর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাতুব্বর বলেন, জিয়ানগর উপজেলা নাম পুনরায় ফিরে পাওয়ায় আমরা অনেক খুশি।
জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ বলেন, পুনরায় জিয়ানগর নাম ফিরে পাওয়ায় দলের নেতাকর্মীসহ আমরা আনন্দিত। আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে নাম পরিবর্তন করে ইন্দুরকানী করেছিল।

