

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও গ্রামে প্রেমিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে লিটন মিয়া (ওরফে লিটন আহমদ) নামে এক যুবককে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত লিটন মিয়া সদর উপজেলার বল্লভপুর গ্রামের খলিল আহমদের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও গ্রামের ফরিদ আহমদের মেয়ে তমা আক্তার (১৮) এর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল লিটন মিয়ার। ২০২৪ সালের ২৮ এপ্রিল ফরিদ আহমদ তার স্ত্রী ও অন্য সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান, বাড়িতে একা ছিলেন তমা আক্তার। পরদিন (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে তমা আক্তারের ঝুলন্ত মরদেহ রান্নাঘর থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে তমাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়।
এই ঘটনায় দোয়ারাবাজার থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের পরিবার। পরে তদন্তে প্রেমিক লিটন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত লিটন মিয়াকে দণ্ডবিধি ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শামছুর রহমান রায়ের প্রতিক্রিয়ায় বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ভিকটিম পরিবারের জন্য এটি একটি স্বস্তির সংবাদ।

