

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের খিলা বাজারে হিমাচল এক্সপ্রেস বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহত বাদল মিয়া মনোহরগঞ্জ উপজেলার বানদুয়াইন গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। এদিকে আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমাই হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে দ্রুতগতিতে আসা ঢাকাগামী হিমাচল এক্সপ্রেস বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এ সময় চালকসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। এদিকে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাদের অবস্থা মুমূর্ষু বলে জানা গেছে।
এই দুর্ঘটনায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেয়া হয়েছে।

