

ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষ, বাজছে বিশ্বকাপের দামামা। তার আগে দলগুলো খেলছে প্রীতি ম্যাচ। এমনই এক ম্যাচে ফিফা র্যাংকিংয়ে ৭ নম্বরে থাকা নেদারল্যান্ডসকে হারিয়েছে রিয়াদ মাহরেজের আলজেরিয়া।
বুধবার দিবাগত রাতে ঘরের মাঠ রোটারডামের ডি কুইপে আলজেরিয়ার কাছে ১-০ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে ডাচরা।
ম্যাচের প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণেও গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধেও যখন গোলশূন্য ড্র হবার সম্ভাবনা, তখন ম্যাচের ৮৬ মিনিটে প্রথমবার অরেঞ্জদের জালে বল জড়ায় আলজেরিয়া। ডি বক্সের সামান্য ভেতরে দারুণ এক বাঁকানো শটে দলকে জয়ের ভিত গড়ে দেন আনিস হজ মুসা। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় নেদারল্যান্ডসকে।
আরেক প্রীতি ম্যাচে লুক্সেমবার্গকে একই ব্যবধানে (১-০) হারিয়েছে বিশ্বকাপে না থাকা ইতালি। আর হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ মূহুর্তের গোলে নাইজেরিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে পোল্যান্ড।

