

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে পুলিশের উপর সশস্ত্র হামলার ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামি এবং একাধিক মামলার পলাতক সন্ত্রাসী আবু সৈয়দ (২৫) গ্রেফতার হয়েছে। তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন এ তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বান্দরবানের লামা এলাকায় অভিযান চালিয়ে মহেশখালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আবু সৈয়দ কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী এলাকার বাসিন্দা।
গত ১১ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটে মহেশখালীর আফজলিয়া পাড়ায় টহলরত পুলিশের উপর আবু সৈয়দের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল এলোপাতাড়ি গুলি চালায়। এতে এএসআই সেলিম মিয়া ও দুই কনস্টেবল গুরুতর আহত হন। এ ঘটনায় মহেশখালী থানায় মামলা (নং-২০, তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫) দায়ের হয়।
ইতোমধ্যে মামলায় আটজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আবু সৈয়দকে আটক করা হয়। গ্রেফতারের পর তিনি তার বসতবাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো স্থানে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে— ১টি দেশীয় একনালা বন্দুক, ২টি এলজি ও ৩টি তাজা কার্তুজ।
পুলিশ জানিয়েছে, আবু সৈয়দের বিরুদ্ধে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

