

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে গণধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ইছাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার নাম আব্দুল আজিজ (২৫)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রবি কোম্পানির সিম বিক্রয়কর্মী (২২) মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ভাবীর দোকানের মোড় থেকে সিম বিক্রি শেষে সিএনজি অটোরিকশাযোগে বাসায় ফেরার পথে গণধর্ষণের শিকার হন। ওই সিম বিক্রয়কর্মী যে সিএনজি অটোরিকশায় যাচ্ছিলেন সেই সিএনজি চালক আব্দুল্লাহ (২৪) ও আরেক সিএনজি অটোরিকশা চালক আব্দুল আজিজ (২৫) যোগসাজশে ভুক্তভোগীকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নতুন বেপজা ৩০০ ফিট সড়কের দক্ষিণ পাশে নির্জন খালের ধারে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় বিক্রয়কর্মী বাদী হয়ে মামলা দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ প্রধান আসামি আব্দুল্লাহকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, ‘সিম বিক্রয়কর্মীকে গণধর্ষণের পর প্রধান আসামিকে গ্রেফতার করা গেলেও পালিয়ে যায় অপর আসামি আব্দুল আজিজ। অবশেষে সোমবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে ইছাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

