

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে একদিনের ব্যবধানে দুইটি ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। পৃথক ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করলেও এখনো পলাতক রয়েছে এক যুবক।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ইছাখালী গ্রামে ৯ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে নিশান জলদাশ নামে একজনকে গ্রেফতার করা হয়। নিশান জলদাশ ইছাখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী গ্রামের প্রদীপ জলদাশের ছেলে। ওই শিশুর ঘরে কেউ না থাকার সুবাদে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা জোরারগঞ্জ থানায় মামলা করেছেন।
অন্যদিকে শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ভাবির দোকান এলাকা থেকে সিম বিক্রি শেষে এক সিম বিক্রয়কর্মী তরুণী বড়তাকিয়া এলাকায় যেতে সিএনজিচালিত অটোরিকশায় উঠেন। কিছুদূর যাওয়ার পর আগে থেকে যোগাযোগ সাপেক্ষে চরশরত এলাকার মাঝামাঝি স্থানে অপর সিএনজিচালক আব্দুল আজিজও (২৫) একই সিএনজিতে উঠেন। পরবর্তীতে সিএনজি চালকরা ওই তরুণীকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নতুন ৩০০ ফিট রাস্তার দক্ষিণ পাশে বেপজা গেটের কাছে রাস্তার পাশে আব্দুল আজিজ তরুণীর গলায় ছুরি ধরে প্রাণে মারার ভয় দেখিয়ে প্রথমে আব্দুল্লাহ এবং পরে আব্দুল আজিজ মিলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। তারা তরুণীকে ভয় দেখিয়ে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়।
খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে সিএনজি চালক আব্দুল্লাহকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া সিএনজিচালক আব্দুল্লাহ ইছাখালী ইউনিয়নের চরশরত এলাকার ছাদেক আলী মাঝি বাড়ির মরহুম আবুল কালামের ছেলে। এ ঘটনায় আব্দুল আজিজ নামে অপর সিএনজি চালক পলাতক রয়েছে। সে একই এলাকার ছালেক মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে। অভিযুক্তরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী জোরারগঞ্জ থানায় মামলা করেছেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, ‘এক শিশুকে ধর্ষণ ও তরুণী ধর্ষণের ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে। তরুণী ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক একজনকে গ্রেফতার করা হয়। আরেকজন পলাতক রয়েছে, তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। শিশু ধর্ষণের ঘটনাটি পরশু দিনের। থানায় মামলার প্রেক্ষিতে অভিযুক্ত নিশানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমদের মেডিক্যাল পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

